কানাডা সরকার বিদেশি কর্মীদের স্থায়ী নাগরিকত্ব (Permanent Residence বা PR) দেওয়ার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী কর্মী স্থায়ী নাগরিকত্ব পাবেন।
এই উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে ২০২৫ সালের ফেডারেল বাজেটে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার গত ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করেছে। সরকারের লক্ষ্য, নতুন পরিকল্পনার মাধ্যমে শ্রমবাজারের ঘাটতি পূরণ এবং প্রবাসী কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি করা।
অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানো হচ্ছে
২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার, যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩% কম। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে ১ লাখ ৫৫ হাজার এবং অস্থায়ী বিদেশি শ্রমিকের লক্ষ্য কমিয়ে ২ লাখ ৩০ হাজার নির্ধারণ করা হয়েছে।
স্থায়ী বাসিন্দার লক্ষ্য অপরিবর্তিত
২০২৬ সালে স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য ৩ লাখ ৮০ হাজারই থাকবে। এর মধ্যে ৬৪% আসবে অর্থনৈতিক ইমিগ্রেশন বিভাগে। অর্থনৈতিক শ্রেণিতে ২ লাখ ৩৯ হাজার ৮০০ জন, পারিবারিক পুনর্মিলনে ৮৪ হাজার, এবং শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে ৫৬ হাজার ২০০ জনকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হবে।
গ্রামীণ অঞ্চল ও বিশেষ খাতকে অগ্রাধিকার
সরকার জানিয়েছে, পরিকল্পনায় বিশেষ অগ্রাধিকার পাবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল, যেখানে শ্রমঘাটতি ও শুল্কবিধির কারণে ক্ষতি হয়েছে।
ওয়ার্ক পারমিট প্রোগ্রামে পরিবর্তন
নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, Temporary Foreign Worker Program (TFWP) পুনর্গঠন করা হবে যাতে এটি নির্দিষ্ট সেক্টর ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে মিল রেখে কার্যকর হয়। এছাড়া International Mobility Program (IMP)-এর আওতায় বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হতে পারে।
সরকার জানাচ্ছে, অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানো মানে প্রবেশ বন্ধ নয়। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত লক্ষ্য অনুযায়ী মাত্র ৪২% অস্থায়ী বিদেশি কর্মী এবং ২৯% আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় এসেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই পরিকল্পনা কানাডার দীর্ঘমেয়াদি ইমিগ্রেশন ভারসাম্য পুনঃস্থাপন এবং শ্রমবাজারে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

প্রবাস ডেস্ক 

















