জমকালো আয়োজনে কুয়েতে শুরু হয়েছে ৪৮তম আন্তর্জাতিক বইমেলা। বুধবার (১৯ নভেম্বর) ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন দেশটির তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবদুল রহমান আল-মুতাইরি। মেলা চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।
এবারের বইমেলায় ৩৩টি দেশের ৬১১টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। ৪৩৩টি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে ২ লাখ ৭০ হাজারেরও বেশি বই।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুল রহমান আল-মুতাইরি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে কুয়েতের সাংস্কৃতিক নেতৃত্ব ও বৈশ্বিক প্রকাশনা শিল্পে মর্যাদা আরও সুসংহত করেছে এবারের ব্যাপক অংশগ্রহণ। চলতি বছর কুয়েতকে আরব সংস্কৃতি ও মিডিয়ার রাজধানী ঘোষণার পর এ বইমেলাকে দেশটির গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অর্জন হিসেবে তিনি উল্লেখ করেন।
মেলায় রয়েছে সাংস্কৃতিক হল, সাংস্কৃতিক ক্যাফে ও শিশুদের জন্য বিশেষ প্যাভিলিয়ন। বই, গবেষণা, সাহিত্য, স্থাপত্য, দৃশ্যশিল্প ও ঐতিহ্য নিয়ে আলোচনা, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হচ্ছে।
কুয়েতের ৭২ শতাংশ জনগোষ্ঠীর বয়স ৩০ বছরের নিচে হওয়ায় যুব সম্পৃক্ততা এবার বিশেষ গুরুত্ব পেয়েছে। উদ্বোধনের পর কুয়েতি ও ওমানি কর্মকর্তারা জাতীয়, আরব ও আন্তর্জাতিক স্টল পরিদর্শন করে তরুণ লেখক ও শিল্পীদের কাজের প্রশংসা করেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমও অংশ নিয়েছে এবারের মেলায়। ৭ নম্বর হলের ৩৭ নম্বর বুথে কুয়েত নিউজ এজেন্সি (কুনা)-র প্যাভিলিয়নে প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে— Kuwait in Memory of the Days, A Simplified Linguistic Guide for Media Professionals, Kuwait: A Constitutional State, Kuwait: Capital of Islamic Culture 2016—সহ কুনা জুনিয়র ও টেক কুনা ম্যাগাজিন। এখান থেকে শিশুদের মিডিয়া সাক্ষরতা, ডিজিটাল সাংবাদিকতা ও পেশাদার মিডিয়া উন্নয়নে কুনার ভূমিকার পরিচয় মিলছে।
দর্শনার্থী, শিক্ষার্থী, লেখক, শিল্পী ও গবেষকসহ সব বয়সের মানুষের সরব উপস্থিতিতে বইমেলা জমে উঠেছে। শিশু, কিশোর ও প্রতিবন্ধী দর্শনার্থীদের সুবিধার দিকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
মেলার হলগুলোর নামকরণ করা হয়েছে বিশিষ্ট কুয়েতি সাহিত্যিকদের নামে— আব্দুল রাজ্জাক আল-বাসির (হল ৫), ইসমাইল ফাহাদ ইসমাইল (হল ৬) এবং আব্দুল আজিজ হুসেন (হল ৭)।
সংস্কৃতি চর্চা, বই ও জ্ঞান বিনিময়ের মহোৎসবের মাধ্যমে কুয়েত বিশ্বকে স্বাগত জানাচ্ছে। ৪৮তম আন্তর্জাতিক বইমেলা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উদযাপন হিসেবে পরিণত হয়েছে।

কুয়েত প্রনিনিধি 

















