মালয়েশিয়ার একাধিক রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা বর্ষণে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তান রাজ্য।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত বন্যাকবলিত এলাকা থেকে মোট ১০ হাজার ৪৬৯ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে—যা আগের রাতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
উত্তর-পূর্ব মৌসুমি বর্ষণের প্রভাবে তুমপাট, কোটা বারু, পাশোর পুতিহ এবং বাচোক জেলায় বাড়িঘর প্লাবিত হওয়ায় ৮ হাজার ২৪৮ জন মানুষ দ্রুত বাড়ি ছাড়তে বাধ্য হন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেলান্তানে ৩৩টি অস্থায়ী ত্রাণকেন্দ্র খোলা হয়েছে।
পেরাক রাজ্যের মানজুং, পেরাক তেঙ্গাহ, লারুত-মানতাং-সেলামা ও বাতাং পদাং জেলার ৯৪৬ জন বর্তমানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
উত্তরাঞ্চলেও পরিস্থিতি অবনতি হয়েছে। কেদাহর কুলিম থেকে ৩৪২ জন, পেরলিসের পদাং বেসার ও কাংগার জেলা থেকে ৩১০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পেনাংয়ের সেবেরাং পেরাই এলাকা থেকেও ২৪২ জনকে ত্রাণকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এ ছাড়া তেরেঙ্গানুর বেসুতে ২৮২ জন এবং সেলাংগরের সাবাক বেরনামে ৫৫ জন বন্যার কারণে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

আন্তর্জাতিক ডেস্ক 

















