কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “বাংলাদেশ উইথ ফেস্টিভাল বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”। শুক্রবার (২৮ নভেম্বর) আল-রাই ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আহ্বায়ক মীর মোসারফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার্দী, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনসহ উপদেষ্টামণ্ডলী ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও মাঠে উপস্থিত ছিলেন।
প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত ১০টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে—বাংলাদেশ ইলেভেন, জিলিব প্রবাসী ক্রিকেট ক্লাব, খুলনা টাইটান্স, বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব, আইআইওয়াই স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ লিজেন্ডস, বি-বাড়িয়া একাদশ, জিলিব নাইট রাইডার্স, বেঙ্গল অ্যাভেঞ্জার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর সোলাইবিয়া কুয়েত ক্রিকেট ক্লাবের মাঠে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম ফরহাদ বলেন, মরু দেশে প্রবাসী বাংলাদেশিদের এমন বর্ণিল ক্রীড়া আয়োজন প্রশংসার দাবি রাখে। প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি, সুস্থ বিনোদন এবং আন্তর্জাতিক মান বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভবিষ্যৎ আয়োজন আরও সমৃদ্ধ করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতারা।

কুয়েত প্রতিনিধি 

















