সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অব বাংলাদেশ–আবুধাবি শাখা আয়োজিত বার্ষিক মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) আবুধাবির আল রাহবা এন্টারটেইনমেন্ট স্পোর্টস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত পাঁচ শতাধিক প্রকৌশলী, স্থপতি, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী কমিউনিটি নেতারা এতে অংশ নেন। ব্যাপক উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাসীদের এক অনন্য মিলনক্ষেত্র।
অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আফজাল হোসেন এবং পরিচালনা করেন সহ-সভাপতি প্রকৌশলী ইজাজ কলিম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূতাবাসের উপ-মিশন প্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক শাহাদাত হোসেন এবং সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন—দেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা এবং মর্যাদা অটুট রাখতে প্রবাসীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান ও প্রকৌশলী হামিদুল হক।
আলোচনা শেষে অতিথিরা অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী মেজবানি ভোজে।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীদের জন্য ছিল আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে প্রবাসী শিল্পীরা গান, আবৃত্তি ও অন্যান্য পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।
সবশেষে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রবাস ডেস্ক 

















