মালয়েশিয়ায় নির্মাণশিল্পে কর্মরত শ্রমিকদের বেতন এখন থেকে ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিআইডিবি (কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড) নতুন ডিজিটাল গ্রিন কার্ড চালুর ঘোষণার পর এ তথ্য জানা যায়।
কুয়ালালামপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই ডিজিটাল গ্রিন কার্ড শ্রমিকদের পরিচয়পত্র হিসেবে কাজ করবে পাশাপাশি এতে যুক্ত থাকবে ই-ওয়ালেট সুবিধা। এর মাধ্যমে শ্রমিকরা নিরাপদে বেতন গ্রহণ, হাজিরা রেকর্ড সংরক্ষণসহ বিভিন্ন আর্থিক সেবা ব্যবহার করতে পারবেন।
অনুষ্ঠানে জনশক্তিবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার নান্টা লিঙ্গি বলেন, “এখন আর শ্রমিকদের নগদ অর্থ বা কাগজনির্ভর নথির ওপর নির্ভর করতে হবে না। পরিচয়, হাজিরা এবং বেতন—সবকিছুই ডিজিটালি ব্যবস্থাপনা করা যাবে।”
ডিজিটাল গ্রিন কার্ডের অন্যতম প্রধান সুবিধা ই-ওয়েজেস ব্যবস্থা। এর মাধ্যমে শ্রমিকদের বেতন সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে প্রদান নিশ্চিত হবে। বেতন সরাসরি শ্রমিকের ই-ওয়ালেটে জমা হবে এবং পুরো প্রক্রিয়া মালয়েশিয়ার শ্রম আইন অনুসারে পরিচালিত হবে।
নির্মাণশ্রমিকদের সুরক্ষা, আর্থিক স্বচ্ছতা এবং বেতনের নিশ্চয়তা নিশ্চিত করতে এই পদক্ষেপকে মালয়েশিয়ার নির্মাণ খাতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মালয়েশিয়া প্রতিনিধি 

















