মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ১৯৭১ ও ২০২৪ সালের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বিজয় দিবস বাঙালি জাতির সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার প্রতীক।
হাইকমিশনার দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিভিন্ন সংকটকালে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি নিবন্ধন কার্যক্রম জোরদার করতে প্রবাসী সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেন।
সবশেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই–আগস্ট অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়া প্রতিনিধি 

















