আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর এবার পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ বাস্তব রূপ পেয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯ টা ৪৫ পর্যন্ত মালয়েশিয়া থেকে ৭৬,০০৯ জন প্রবাসী বাংলাদেশি সফলভাবে পোস্টাল ব্যালটের জন্য ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। নিবন্ধনে দিনমজুর, নির্মাণ শ্রমিক, কারখানা কর্মী ও পেশাজীবী সহ বিভিন্ন পেশার প্রবাসীরাই অংশ নিয়েছেন।
নিবন্ধন কার্যক্রমকে সহজ ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তারা কর্মস্থল, আবাসিক এলাকা ও বাজারে গিয়ে প্রবাসীদের হাতে–কলমে সহায়তা প্রদান করছেন। এছাড়া রাজনৈতিক দল, সামাজিক ও আঞ্চলিক সংগঠন যেমন মালয়েশিয়া বিএনপি, জামাতে ইসলাম মালয়েশিয়া, মালয়েশিয়া বাংলাদেশ ফোরা অ্যাসোসিয়েশন (এমবিএফএ), জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া এবং সচেতন প্রবাসীরাও স্বেচ্ছাশ্রমে নিবন্ধন কার্যক্রমে যুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তির সহায়তায় চালু হওয়া ‘হাইব্রিড পোস্টাল ভোটিং সিস্টেম’ প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগকে করেছে সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী। বিশ্বের যে কোনো দেশ থেকে যোগ্য ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন।
নির্বাচন ইতিহাসে প্রথমবারের মতো ডিজিটাল নিবন্ধন ও ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে গড়ে ওঠা এই ব্যবস্থা শুধু প্রবাসীরাই নয়, নন-সরকারি চাকরিজীবী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মী এবং কারাবন্দিরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও ঐতিহাসিক উল্লেখ করেছেন। অনেকের মতে, দেশের থেকে হাজার মাইল দূরে থেকেও ভোট দেওয়ার সুযোগ তাদের নাগরিক মর্যাদা আরও শক্ত করেছে। তারা আশা প্রকাশ করেছেন, এই ব্যবস্থার মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীদের মতামতের বাস্তব প্রতিফলন ঘটবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও দৃঢ় হবে।
প্রবাসীদের এই উৎসাহ প্রমাণ করে, দেশের প্রতি তাদের দায়িত্ববোধ ও আবেগ কখনোই সীমাবদ্ধ নয়—বরং তা আরও গভীর ও দৃঢ়।

মালয়েশিয়া প্রতিনিধি 

















