জুলাই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালন করায় দণ্ডিত হওয়া ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের ক্ষমা করা হয় এবং পরবর্তীতে সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পর ইউএইর প্রেসিডেন্ট এই মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেন। ক্ষমাপ্রাপ্ত বাংলাদেশিরা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচি পালন করেছিলেন। সে সময় দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।
ক্ষমার সিদ্ধান্তের পর দণ্ডপ্রাপ্ত ২৫ জন বাংলাদেশিকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও বহিঃপ্রকাশ।
উল্লেখ্য, এর আগেও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন সময় প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা প্রদান করা হয়েছে।

প্রবাস ডেস্ক 

















