বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত এ তালিকার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজার সব রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি থাকলেও আপাতত ২৫টি এজেন্সির নামই তালিকাভুক্ত করা হয়েছে। তবে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া ও শ্রমবাজার চালুর বিষয়ে এখনো মালয়েশিয়া সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
তালিকাভুক্ত ২৫ এজেন্সি
এফডব্লিউসিএমএস-এর প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ, আর্থ-স্মার্ট বাংলাদেশ, খান জাহান আলী ওভারসিজ, আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
মালয়েশিয়া ২০২৪ সালের ১ জুন থেকে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রাখে। এতে প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। পরে তাদের মধ্যে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগের সিদ্ধান্ত হলেও এখনো প্রায় ৫ হাজার কর্মী মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে শ্রমবাজার দ্রুত চালুর আশা তৈরি হলেও, নতুন কর্মী পাঠানোর পদ্ধতি ও শর্ত নিয়ে এখনো দুই দেশের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। অতীতে কয়েক দফা শ্রমবাজার বন্ধ ও চালুর পেছনেও এ ইস্যু বড় ভূমিকা রেখেছে। সংশ্লিষ্টদের মতে, নতুন চুক্তির আওতায় কতজন কর্মী যাবে, কোন প্রক্রিয়ায় যাবে এবং কী শর্ত থাকবে—এসব বিষয় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানো শুরু হবে।
এর আগে মালয়েশিয়া সরকার ১০টি নির্ধারিত শর্ত পূরণ করতে সক্ষম রিক্রুটিং এজেন্সির তালিকা চাইলেও বাংলাদেশ কয়েকটি শর্ত শিথিলের অনুরোধ জানায়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার এফডব্লিউসিএমএস-এর প্রকাশিত তালিকায় ২৫টি এজেন্সির নাম এসেছে।

প্রবাস ডেস্ক 
















