মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহারের অভিযোগে ১২৭ জন করেছেন আদালত। তাদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি।
সম্প্রতি কেলান্তানের সেরিং, কোটা ভারুর একটি প্রিমা আবাসন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আটক ১২৭ জনই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করেছেন। এর মধ্যে ১১ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারায় মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগ আনা হয়। এছাড়া ১৬ জনের বিরুদ্ধে একই আইনের ১৫(১)(সি) ধারায় নির্ধারিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা হয়। অপর ১০০ জনের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় ইমিগ্রেশন পাস বা পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়।
আদালতে অভিযুক্তদের মধ্যে ৬৮ জন বাংলাদেশি, ১৯ জন ইন্দোনেশীয়, তিনজন নেপালি, ছয়জন মিয়ানমারের এবং চারজন পাকিস্তানি নাগরিক। প্রত্যেককে ১ হাজার থেকে ১০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের একদিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে।
গত ১০ আগস্ট কেলান্তান ইমিগ্রেশন বিভাগের পরিচালিত অভিযানে সেরিংয়ের প্রিমা আবাসন প্রকল্প এলাকা থেকে ওই ১২৭ জনকে আটক করা হয়েছিল।

মালয়েশিয়া প্রতিনিধি: 
















