পর্তুগালের রাজধানী লিসবনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন ওয়েব সামিট ২০২৫। ১০ নভেম্বর থেকে চার দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ, বিনিয়োগকারী, উদ্ভাবক ও নীতিনির্ধারকসহ প্রায় ৭০ হাজারের বেশি প্রতিনিধি।
এ বছরের ওয়েব সামিটের প্রতিপাদ্য ‘Rebuilding Trust in Tech’, যার লক্ষ্য প্রযুক্তি খাতে বিশ্বাস, নিরাপত্তা ও মানবকেন্দ্রিক উদ্ভাবনকে এগিয়ে নেওয়া।
মেলায় গুগল, মেটা, ওপেনএআই, মাইক্রোসফট, অ্যামাজনসহ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা মূল মঞ্চে বক্তব্য রাখছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, বিগ ডেটা, সাইবার নিরাপত্তা ও জলবায়ু প্রযুক্তি নিয়ে ২০টিরও বেশি প্যানেল আলোচনা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
স্টার্টআপদের জন্য রয়েছে ‘স্টার্টআপ শোকেস’, যেখানে নতুন উদ্যোক্তারা বিনিয়োগকারীদের সামনে তাদের উদ্ভাবন প্রদর্শন করছেন।
ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “প্রযুক্তি কেবল ব্যবসার হাতিয়ার নয়, এটি আগামী প্রজন্মের ভবিষ্যৎ নির্ধারণের শক্তি।”
২০১৬ সাল থেকে লিসবনে আয়োজিত এই সামিট এখন প্রযুক্তি জগতের অন্যতম আলোচিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে নতুন ধারণা, উদ্ভাবন ও ভবিষ্যতের প্রযুক্তি প্রতিদিন গড়ে উঠছে।

পর্তুগাল প্রতিনিধি 


















