সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজবের চাঁদ। এতে আগামী রোববার (২১ ডিসেম্বর) থেকে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজব শুরু হবে। রজবের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে মুসলিম সমাজে পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতির ক্ষণগণনা শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম গালফ নিউজ শনিবার এই তথ্য জানিয়েছে। রজব মাস মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও এর পরের মাস শা’বান শেষ হওয়ার পরই রহমতের মাস রমজান শুরু হয়।
যদি রজব ও শা’বান মাস যথাযথ ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হবে।
হাদিসে উল্লেখ আছে, রজব মাসের শুরুতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন এই মাস এবং শা’বান বরকতময় হয় এবং সবাইকে রমজানের মাহাত্ম্যে পৌঁছাতে সাহায্য করে।
আরবি মাস চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায়, রমজানের সঠিক দিন চাঁদ দেখা মাত্র নিশ্চিত করা সম্ভব হবে। আজ আবুধাবির আল-খাতিম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে রজবের চাঁদের ছবি তোলার কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 

















