দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বান্দরবানসহ আশপাশের এলাকায় এই কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল থেকে বান্দরবান সদর উপজেলার দূরত্ব প্রায় ২৮৬ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, স্থানীয় এক বাসিন্দা জানান, সন্ধ্যায় হঠাৎ করে ভূমিকম্পে পুরো এলাকা কেঁপে ওঠে। কম্পন অনুভব করে আতঙ্কে মানুষজন ঘরবাড়ি থেকে বেরিয়ে ছোটাছুটি শুরু করেন। তবে ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রবাসীর কথা ডেস্ক 



















