বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৯ হাজার ১১১ জনের মৃত্যু হয়েছে। আগের বছর ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ৬ দশমিক ৯৪ শতাংশ বেশি।
রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব পরিসংখ্যান তুলে ধরে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, গত বছর সারাদেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। পাশাপাশি রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৫ জন এবং আহত হয়েছেন ১৪৫ জন। নৌপথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ১৫৮ জনের।
সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়া নির্ধারণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় ক্ষতিপূরণ তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে পরিবহন শ্রমিকদের পাশাপাশি দুর্ঘটনার শিকার ভুক্তভোগী ও যাত্রী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা জরুরি।
এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

প্রবাসীর কথা ডেস্ক 

















