চলতি বছরের জানুয়ারির প্রথম ১২ দিনেই প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৪৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৭ লাখ ডলার।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, জানুয়ারির প্রথম ১২ দিনে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ১৪৬ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জানুয়ারির একই সময়ে দেশে এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১২ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৪০ লাখ ডলার।
আরিফ হোসেন খান আরও জানান, চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৭২ কোটি ৫০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।
এদিকে গত ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।
এর আগে নভেম্বরে রেমিট্যান্স আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে দেশে আসে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৪–২৫ অর্থবছর শেষে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

প্রবাসীর কথা ডেস্ক 

















