চলতি জানুয়ারির প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২২২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ১০৮ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক হাজার ১৯৫ কোটি ৬০ লাখ টাকা।
বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের জানুয়ারির প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪৩ কোটি ৬০ লাখ ডলার। সে হিসাবে বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫৪ দশমিক ৭০ শতাংশ।
এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৮ কোটি ৭০ লাখ ডলার। এর বিপরীতে গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১ হাজার ৫২১ কোটি ২০ লাখ ডলার।

প্রবাসীর কথা ডেস্ক 

















