যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে। গত চার দিন ধরে চলমান এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
মঙ্গলবার (৩ মার্চ )ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইরানে প্রাণহানির সংখ্যা ৭৮০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা কয়েক হাজারে পৌঁছালেও সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি।
তবে এএফপি জানিয়েছে, ইরানে চলমান সংঘাতে হতাহতের যে তথ্য রেড ক্রিসেন্ট সোসাইটি প্রকাশ করেছে, তা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে প্রকাশিত মাঠপর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরানের অন্তত ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থাপনা লক্ষ্য করে এক হাজারেরও বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
এদিকে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন। পাশাপাশি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর পশ্চিমাঞ্চলের কারাজ শহর এবং মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ইসফাহানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
চলমান হামলার ফলে ইরানের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ও অনিশ্চয়তা আরও বেড়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 

















