বিদেশি শ্রমিকদের জন্য ট্রানজিট সেন্টার অনুমোদন করেছে মালয়েশিয়া সরকার। এতে ওয়ার্ক পাসের চূড়ান্ত ক্ষমতা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই রাখা হয়েছে।
সরকার বলছে, মালয়েশিয়ায় আগত নতুন বিদেশি শ্রমিকদের নিরাপত্তা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং প্রাথমিক সুবিধা নিশ্চিত করতে একটি ট্রানজিট সেন্টার স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভা অনুমোদিত এই এই উদ্যোগের লক্ষ্য হলো কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) বিদেশি শ্রমিকদের অতিরিক্ত ভিড় কমানো এবং নিয়োগকর্তারা এসে তাদের নিজ দায়িত্বে গ্রহণ করার আগ পর্যন্ত নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা।
মালয়েশিয়া সরকার আশা করছে, নতুন এই ট্রানজিট সেন্টারে শ্রমিকদের প্রয়োজনীয় মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে। এতে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষার কারণে সৃষ্ট নানা জটিলতা কমবে এবং বিদেশি শ্রমিকদের আগমন প্রক্রিয়াও আরও কার্যকর ও সুশৃঙ্খল হবে। বিদেশি শ্রমিক নিয়োগের কোটা অনুমোদন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনেই পরিচালিত হবে। তবে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বিদেশি শ্রমিকদের কাজের পারমিট বা ওয়ার্ক পাস ইস্যুর চূড়ান্ত ক্ষমতা আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) হাতেই বহাল থাকবে।
এদিকে সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে বিদেশি শ্রমিকদের আগমন ও ব্যবস্থাপনায় সমন্বয় আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং কার্যকারিতা বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

প্রবাস ডেস্ক 

















