দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই বন্দুক হামলায় দুই বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এর আগে এক টাকা দামের একটি সিগারেট নিয়ে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরেক বাংলাদেশি ব্যবসায়ী।
মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পর বাড়ির গেটের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মো. ইয়াছিন (৪০)। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
জানা যায়, আগে থেকে ওঁত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা ইয়াছিনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তথ্যে তার মাথা থেকে ১৪টি বুলেট উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ইয়াছিন নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন তিনি।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, দক্ষিণ আফ্রিকাতেই তার দাফন সম্পন্ন হবে।
অন্যদিকে, বুধবার (৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে জোহানেসবার্গের মেফেরারের ওয়েজভেরী এলাকায় নিজ দোকানে সন্ত্রাসীর গুলিতে নিহত হন বাংলাদেশি ব্যবসায়ী বেলাল হোসেন সুমন (৪২)।
নিহত সুমনের ভাগিনা ফাহিম জানান, এক ক্রেতার সঙ্গে এক টাকা মূল্যের একটি সিগারেট নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে সুমনের মাথা ও গলায় একাধিক গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সুমনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মহাজন বাড়ীর মৃত আব্দুল ওয়াদুদুর ছেলে।
ফাহিম আরো জানান, তার মামা সুমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে, সোমবার (৬ জুলাই) নর্থ ওয়েস্ট প্রদেশের হাটিবিয়েজ এলাকায় এক টাকা দামের একটি সিগারেট বদলানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বাংলাদেশি ব্যবসায়ী সাখাওয়াত।
স্থানীয় সূত্র জানায়, এক ক্রেতা দোকান থেকে একটি সিগারেট কিনে পরে সেটি বদলে অন্য সিগারেট দিতে অনুরোধ করেন। ব্যবসায়ী সাখাওয়াত তা পরিবর্তন করতে অপারগতা প্রকাশ করলে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই ক্রেতা ধারালো অস্ত্র দিয়ে সাখাওয়াতকে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সাখাওয়াত ওই এলাকায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি 

















