মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে চলতি বছরের প্রথমার্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬৪১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড। ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ নামক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার এসএসি আহমদ রাজজি হোসেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫০৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী রয়েছেন, যারা মোট ১০টি দেশের নাগরিক।
আটককৃতদের মধ্যে মিয়ানমারের নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি—৪২৮ জন। এর বাইরে ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামী, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরিয়ান নাগরিক রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে তাদের আটক করা হয়।
সীমান্ত নিরাপত্তা নিয়ে আহমদ রাজজি হোসেন বলেন, উচ্চ-ঝুঁকিপূর্ণ সীমান্ত পথ দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। পাচারকারী চক্রগুলো ছোট ছোট দলে অভিবাসীদের সরানোর চেষ্টা করলেও, বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক রয়েছেন।
তিনি আরও জানান, দুই থেকে তিনজনের ছোট ছোট দলে চলাচল করলেও অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার সক্ষমতা তাদের রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র- বার্নামা নিউজ

প্রবাস ডেস্ক 

















