বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কায় মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার (৩ ডিসেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪৭৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া ৩৫৬ জন এখনো নিখোঁজ রয়েছে। ভয়াবহ ঘূর্ণিঝড়ের পরবর্তী এ বন্যায় সাড়ে চার লাখের বেশি পরিবার বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্য মতে, এ দুর্যোগে ২৫টি জেলায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়ের সন্ধানে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য হয়েছে।
ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে সৃষ্ট এ মারাত্মক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডি জেলা। শুধু এ জেলাতেই ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৭১ জন নিখোঁজ রয়েছে। এছাড়া নুয়ারা এলিয়াতে ৮৯, বাদুল্লায় ৮৩, কুরুনেগালায় ৫৩, কেগালে ২৯, পুত্তালামে ২৯, মাতালে ২৮, গাম্পাহাতে ১১, এবং অনুরাধাপুরে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে বিদ্যুৎ ও সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও দেশটির প্রায় এক–তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ ও নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কেলানি নদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, নানা এলাকায় বন্যা ও ভূমিধসের পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্ধারকাজ গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 



















