চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। সেই সঙ্গে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা করা হয়েছে। আগামীকাল এই তালিকা প্রকাশ করা হবে।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ একটি সম্পূরক প্রশ্ন করেন। তিনি বলেন, বর্তমানে মালয়েশিয়ায় যেতে কর্মীদের ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা শুরুর মাধ্যমে কর্মীরা কবে নাগাদ মালয়েশিয়া যেতে পারবেন? সেইসঙ্গে সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকায় কর্মীরা যেতে পারছেন কি না, তা তদারকিতে আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না—সেই প্রশ্নও করেন তিনি।
জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা নিলে বা কোনো ধরনের অনিয়ম করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাসীর কথা ডেস্ক 


















