ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১১ নভেম্বর) সকালে ইলাত এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। স্থানটি ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল।
ভূমিকম্পের পরপরই সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। কম্পনের প্রভাবে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে। এতে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রবাসীর কথা ডেস্ক 


















