সৌদি আরবের শরিয়াহভিত্তিক আইনে বিয়ের বাইরে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে গণ্য হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ ধরনের অভিযোগে নারীদেরই তুলনামূলক বেশি লক্ষ্যবস্তু করা হয়।
সংগঠনগুলোর ভাষ্য, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও তাদের বেশির ভাগের ঘটনা প্রকাশ্যে আসে না। কারণ, তারা সাধারণত বাড়িতেই সন্তান জন্ম দেন। কিন্তু হাসপাতালে সন্তান জন্ম দিলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবিবাহিত মায়ের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়। মুথোনির ঘটনাটিও এ কারণেই প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন অধিকারকর্মীরা।
উপসাগরীয় দেশগুলোতে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ডু বোল্ডের প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোবা বলেন, অধিকাংশ নারী বাড়িতে সন্তান জন্ম দেওয়ায় তাদের খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছায় না।
মুথোনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি গৃহপরিচারিকা ও শিশুর দেখাশোনার দায়িত্ব পালন করতেন। এক মিসরীয় পুরুষের সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন বলে জানা গেছে। শিশুটির বাবা পরে সৌদি আরব ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন মুথোনি।
গত মাসে আদালতের দেওয়া সাজা নিয়ে নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলার সময় মুথোনি বলেন, ১০০ বেত্রাঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়ে তিনি ভীত। তিনি বলেন, আমি এই শাস্তির যোগ্য নই।
এদিকে, নারীর প্রতি সহিংসতা ও নারী-শিশুদের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিম আলসালেমের সৌদি আরব সফর গত সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে। সফরের সময় এ ধরনের নির্দিষ্ট কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করার পরিকল্পনা ছিল বলে জানান তিনি। সফর দ্রুত আয়োজন করা না হলে দায়িত্ব পালনের নির্ধারিত কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরবেন বলেও জানান আলসালেম।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আলকুস্তের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি বলেন, এই সাজা নারীর প্রতি সহিংসতার শামিল। তার মতে, মুথোনিকে শাস্তি না দিয়ে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল।
সৌদি আরবের সংস্কার উদ্যোগের সঙ্গে আদালতের এই রায়ের অসংগতি তুলে ধরে আলদোসারি বলেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবকে আধুনিক ও নারীর ক্ষমতায়নে অগ্রসর দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। অথচ দেশটির আদালত একজন মাকে ১০০ বেত্রাঘাতের সাজা দিয়েছেন।
২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে মানবাধিকার সংগঠন আলকুস্তের ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন শুধু ‘তাজির’ অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এসব অপরাধে বিচারকেরা শাস্তি নির্ধারণের সুযোগ পান। অধিকাংশ বেত্রাঘাতের সাজা এই শ্রেণির হলেও ‘হুদুদ’ বা ইসলামী আইনে নির্ধারিত কিছু অপরাধের ক্ষেত্রে বেত্রাঘাতের শাস্তির সুযোগ থেকে যায়। এর মধ্যে মদ্যপান ও বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের মতো অপরাধ রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
প্রবাসীর কথা ডেস্ক 


















