যুদ্ধে অস্ত্র ও সামরিক শক্তি ব্যবহারের পাশাপাশি বিপুল অর্থও ব্যয় হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেই অর্থের পুরোটা আর একা বহন করতে চায় না যুক্তরাষ্ট্র।
যেসব দেশকে সুরক্ষা দিতে এই যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন, এবার তাদের কাছ থেকেই যুদ্ধের সব খরচ ফেরত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ তালিকায় এবার স্পষ্টভাবে ইসরায়েলের নামও উল্লেখ করেছেন তিনি। তবে বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের খরচ আদায়ের বাস্তব কোনো উদ্যোগ নেওয়ার চেয়ে রাজনৈতিক বার্তা দিতেই এমন কথা বলছেন ট্রাম্প।
গত রোববার (৮ নভেম্বর) সম্প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যমটির প্রতিনিধি রস ডাউথাটকে তিনি বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের যুদ্ধের পেছনে ব্যয় করা সব অর্থ ফেরত দিতে হবে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের পুরো খরচই ফেরত পাবে। কারণ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে এসব দেশের অস্তিত্বই থাকত না।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি অংশ নিয়েছিল ইসরায়েল। তবে, এবারই প্রথম দেশটির কাছ থেকে যুদ্ধের খরচ ফেরত চাওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না পেলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না বলে দাবি তার।
অন্যদিকে, এর আগেও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুদ্ধের খরচ ফেরত চাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সামরিক উপস্থিতি বজায় রাখতে হচ্ছে এবং এ জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

প্রবাসীর কথা ডেস্ক 



















