পরিবারের আর্থিক সংকট দূর হবে, দুই সন্তানকে নিয়ে কিছুটা ভালোভাবে দিন কাটবে – এমন স্বপ্ন নিয়েই ঋণ করে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন হোসনে আরা বেগম। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
মালদ্বীপে যাওয়ার মাত্র এক মাসের মাথায় স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তিনি। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে ঋণের বোঝা ও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এখন স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন তিনি।
এদিকে একই সময়ে মালদ্বীপে আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন ৫০ বছর বয়সী দুলাল হোসেন ও ৫২ বছর বয়সী মো. কামরুল ইসলাম। সোমবার (৯ নভেম্বর) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
হৃদ্রোগে মৃত্যু দুলাল হোসেনের
হাইকমিশনের তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানী মালের একটি হাসপাতালে মারা যান জয়পুরহাটের দুলাল হোসেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার জগদীশপুর গ্রামে। তিনি আব্দুল জব্বারের ছেলে।
জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন দুলাল। সেখানে বৈধ কাগজপত্র ছাড়াই রাজধানী মালের বিভিন্ন দোকানে কাজ করতেন তিনি।
দুলাল হোসেনের ভাগনে হাফেজুল ইসলাম জানান, ৫ নভেম্বর রাত ১টার দিকে খাওয়া শেষে ওয়াশরুম থেকে ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার মামা। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আর্থিক সহযোগিতায় দুলাল হোসেনের মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।
অসুস্থতার পর মৃত্যু কামরুল ইসলামের
অন্যদিকে, মালদ্বীপে মারা যাওয়া অপর বাংলাদেশি মো. কামরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামে। তিনি আব্দুল শহিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কামরুল। গত ৬ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, কামরুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
ঋণের বোঝা ও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা
কামরুল ইসলামের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার স্ত্রী হোসনে আরা বেগম। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর সঙ্গে তার কথা হয়েছিল। কিন্তু সেদিন বিকেলেই স্বামীর মৃত্যুসংবাদ পান তিনি।
সংসারের অভাব দূর করার আশায় ঋণ করে এবং উচ্চ সুদে টাকা ধার নিয়ে স্বামীকে মালদ্বীপে পাঠিয়েছিলেন হোসনে আরা। তার আশা ছিল, বিদেশে কাজ করে স্বামী পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করবেন। দুই সন্তানকে নিয়ে কিছুটা স্বচ্ছন্দে জীবন কাটাতে পারবেন তারা।
কিন্তু মালদ্বীপে যাওয়ার মাত্র এক মাসের মাথায় স্বামীকে হারাতে হবে, তা কখনো কল্পনাও করেননি তিনি। এখন একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে ঋণের টাকা পরিশোধ এবং দুই সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার চিন্তা তাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
এ অবস্থায় স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন হোসনে আরা। দুই সন্তানকে নিয়ে যেন শেষবারের মতো স্বামীর মুখ দেখতে পারেন, সেটিই এখন তার একমাত্র আকুতি।
দুই প্রবাসীর মৃত্যুতে হাইকমিশনারের শোক
মালদ্বীপে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একই সময়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

প্রবাসীর কথা ডেস্ক 






















