মালয়েশিয়ায় সাধারণ মানুষের আবাসন চাহিদা পূরণে ২০৩০ সালের মধ্যে পাঁচ লাখ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। তৃতীয় মালয়েশিয়া পরিকল্পনার আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে মোট ১০ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণের বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (এমআইটিইসি) আন্তর্জাতিক নির্মাণ সপ্তাহ (আইসিডব্লিউ) ও বিল্ডএক্সপো মালয়েশিয়া-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
প্রধানমন্ত্রী বলেন, নির্মাণশিল্পের অগ্রগতি কেবল অবকাঠামো নির্মাণ কিংবা উন্নয়নের পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ উন্নয়নের সুফল সাধারণ মানুষের জীবনেও দৃশ্যমান হতে হবে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার মাধ্যমে নির্মাণশিল্পের অগ্রগতি মানুষের বাস্তব চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আবাসন নির্মাণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ভবন নির্মাণে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্থাপনার নকশায় নান্দনিকতা ও স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির পরিচয় ফুটিয়ে তুলতে হবে।
আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেন, এসব বিষয় উপেক্ষা করা হলে শহরগুলো কেবল কংক্রিটের জঙ্গলে পরিণত হবে। এতে পরিবেশের ভারসাম্য ও শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি মানুষের জীবনমান, কল্যাণ ও মানবিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে।
নির্মাণশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার গণপূর্ত মন্ত্রণালয় এবং নির্মাণশিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) ত্রিমাত্রিক কংক্রিট মুদ্রণ প্রযুক্তি নিয়ে কাজ করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

প্রবাসীর কথা ডেস্ক 





















