ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যেন সৌদি আরবের রাজধানী রিয়াদকেই হামলার প্রধান নিশানা বানিয়েছে। প্রায় প্রতিদিনই শহরটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় এবার রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি বাহিনী।
একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করার কথা জানিয়েছে তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এসব তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসময় বাসিন্দাদের মুঠোফোনে সতর্কবার্তা পাঠিয়ে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সতর্কবার্তায় আকাশপথে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল। পরে, অবশ্য বিপদের আশঙ্কা কেটে গেছে বলে জানায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
তবে, হামলার বিষয়ে এখন পর্যন্ত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রবাসীর কথা ডেস্ক 



















