সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিপাকে পড়েছেন এক প্রবাসী নারী। এ ঘটনায় তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা শেষে তাকে দেশটি থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘটনাটি ঘটে একটি পারিবারিক অনুষ্ঠানে। সেখানে শিশুটির একটি ভিডিও ধারণ করেন ওই নারী। ভিডিওতে খাবারের নাম ভুল উচ্চারণ করায় শিশুটিকে নিয়ে স্বজনদের হাসাহাসির দৃশ্য ছিল। পরে শিশুটির বাবা-মায়ের সম্মতি ছাড়াই নিজের উন্মুক্ত স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন তিনি। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ১১ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
বিষয়টি শিশুটির বাবার নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তার অভিযোগ, অনুমতি ছাড়া মেয়ের ভিডিও প্রকাশের মাধ্যমে শিশুটির ব্যক্তিগত গোপনীয়তা ও মানসিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিযোগের পর তদন্ত করে ওই নারীর বিরুদ্ধে সাইবার অপরাধ আইন এবং শিশু অধিকার সুরক্ষা আইন (ওয়াদিমা) অনুযায়ী মামলা করা হয়।
আদালতে ভিডিও প্রকাশের কথা স্বীকার করেন ওই নারী। তবে কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য ছিল না বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্টটি উন্মুক্ত থাকায় ভিডিওটি ছড়িয়ে পড়ে। কিন্তু আদালত তার যুক্তি গ্রহণ করেননি। বিচারকের পর্যবেক্ষণ, ক্ষতিকর উদ্দেশ্য না থাকলেও অভিভাবকের আইনগত সম্মতি ছাড়া শিশুর ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করা অপরাধ।

প্রবাসীর কথা ডেস্ক 






















