গ্রিসে ৫০০ জনের বেশি অভিবাসীকে অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। উত্তর-পশ্চিমাঞ্চলীয় থেসপ্রোতিয়া ও সালোনিকি এলাকায় সমন্বিত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার গ্রিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালের জুন থেকে অভিবাসী পাচারের অন্তত ৪১টি ঘটনার সঙ্গে চক্রটির সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এসব কার্যক্রমের মাধ্যমে চক্রটি অন্তত ৭ লাখ ৫০ হাজার ইউরো আয় করেছে বলে ধারণা করছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, নেপাল, ইয়েমেন ও চীনের নাগরিকদের আলবেনিয়া থেকে দুর্গম পাহাড়ি পথ দিয়ে গ্রিসে প্রবেশ করানো হতো। পরে তাদের দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় থেসপ্রোতিয়া এলাকায় নিয়ে যাওয়া হতো।
সেখানে অভিবাসীদের অস্থায়ী আবাসনকেন্দ্র কিংবা তাঁবুতে রাখা হতো। তাদের খাবার, পানি ও সিম কার্ড সরবরাহ করত চক্রের সদস্যরা। তবে এসব সুবিধার বিনিময়ে অভিবাসীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।
পরবর্তী সময়ে আন্তনগর বাসে করে তাদের এথেন্স ও পাতরা শহরে পাঠানো হতো। কিছু অভিবাসীকে গ্রিসের বাইরের বিভিন্ন গন্তব্যেও পাঠানোর ব্যবস্থা করত চক্রটি।
এ ছাড়া, কয়েকজন অভিবাসীকে পেলোপনিস অঞ্চলের বিভিন্ন খামারে অবৈধভাবে কাজ করতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। পাচারের খরচ পরিশোধ না করা পর্যন্ত কয়েকজনের পাসপোর্ট আটকে রাখা হতো। পরে কাজ করিয়ে সেই অর্থ আদায় করা হতো বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ১০ জনের মধ্যে নয়জনকে আলবেনিয়া সীমান্তবর্তী থেসপ্রোতিয়ার সাগিয়াদা শহর থেকে এবং একজনকে সালোনিকি থেকে আটক করা হয়। তাদের মধ্যে সাতজন গ্রিসের নাগরিক। অন্যদের মধ্যে দুজন সিরিয়ার পুরুষ এবং একজন আলবেনিয়ার নারী।
পুলিশ আরও জানায়, চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল। বর্তমানে তিনি বিচার-পূর্ব আটক রয়েছেন।
তদন্তকারীদের দাবি, বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে চক্রটি নিজেদের মধ্যে যোগাযোগ ও পাচার কার্যক্রম পরিচালনা করত। এমনকি পুলিশের গতিবিধি ও অভিযানসংক্রান্ত তথ্যও নিজেদের মধ্যে আদান-প্রদান করত তারা।
অন্যদিকে, বৈধ বসবাসের কাগজপত্র না থাকায় অভিযান চলাকালে আরও ২১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে এক সন্দেহভাজনের বাড়িতে পাওয়া যায়। অভিযোগ রয়েছে, তারা ওই ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন।
এ সময় তিনটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে তিনটি গাড়ি, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, ১ হাজার ১৫০ ইউরো এবং চারটি পাসপোর্ট জব্দ করা হয়।

প্রবাসীর কথা ডেস্ক 


















