আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেসৌদি আরব
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ৫৮৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সময়ে এসব আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আইন লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৪৩ জন আবাসন আইন, ৩ হাজার ১৯১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১৮ জন।
অন্যদিকে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
সৌদি কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ ও ২ হাজার ২৯৩ জন নারীসহ মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দ্রুত দেশ ছাড়ার নির্দেশনা পেয়েছেন আরও ৯ হাজার ১৩৯ জন।
এদিকে, অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করলে কিংবা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি গুনতে হতে পারে সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা।
এ ধরনের অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রবাসীর কথা ডেস্ক 


















