বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ মিলল দুই বাংলাদেশির। দেশটির ‘নুসুক’ অ্যাপের বিশেষ কুইজ ও লটারি প্রতিযোগিতায় অংশ নিয়ে এই সুযোগ পেয়েছেন মো. খালেদ হোসাইন চৌধুরী ও রহিমা বেগম। শুধু নিজেরাই নন, পছন্দের একজন সঙ্গীকেও বিনা খরচে ওমরাহ পালনে সঙ্গে নিতে পারবেন তাঁরা। এ ছাড়া প্রতিদিনের লটারিতে কয়েকজন বাংলাদেশি জিতেছেন পবিত্র জমজমের পানিও।
নুসুক অ্যাপে প্রকাশিত বিজয়ীদের তালিকা অনুযায়ী, ১ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতার তৃতীয় দিনের লটারিতে প্রথম বাংলাদেশি হিসেবে ওমরাহ প্যাকেজ জেতেন খালেদ হোসাইন চৌধুরী। এরপর ষষ্ঠ দিনের ড্রয়ে বিজয়ী হন রহিমা বেগম। প্রতিযোগিতার প্রথম সপ্তাহে মিসর, সিরিয়া, পাকিস্তান ও মরক্কোর নাগরিকরাও এই পুরস্কার পেয়েছেন।
এই প্যাকেজের আওতায় বিজয়ীদের ওমরাহ পালনের যাবতীয় খরচ বহন করবে সৌদি সরকার। এর মধ্যে রয়েছে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা, সরকারি প্রসেসিং এবং মক্কা ও মদিনায় ১০ রাতের হোটেল ও আবাসন সুবিধা।
আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত ১৮ বছর বা তার বেশি বয়সী বিশ্বের যেকোনো দেশের মুসলিমরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্য স্মার্টফোনে নুসুক অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের পর ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে গিয়ে ইসলামিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম স্বয়ংক্রিয়ভাবে দৈনিক লটারিতে যুক্ত হবে।
তবে প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের ভেরিফায়েড অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। অননুমোদিত লিংক ও ওয়েবসাইট এড়িয়ে চলার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 


















