পরিবারের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা আর ইউরোপে পাড়ি জমানোর দুর্নিবার প্রত্যাশা, সবকিছু নিয়ে তারা যাত্রা করেছিলেন গ্রিসের উদ্দেশে। কিন্তু সেই স্বপ্নযাত্রা একসময় পরিণত হয় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে।
উত্তাল ভূমধ্যসাগরে জ্বালানি শেষ, নৌকায় ছিদ্র হয়ে ঢুকছে পানি, চারদিকে অথই জলরাশি। প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুভয় নিয়ে সাগরে ভেসে থাকার পর একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেও এখন মিশরের দামিয়াত কারাগারে বন্দিজীবন কাটছে ৬৫ বাংলাদেশির।
সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দূতাবাস জানায়, গত ৮ অক্টোবর ৬৫ বাংলাদেশিসহ মোট ৬৯ জন একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। তাদের মধ্যে চারজন ছিলেন দক্ষিণ সুদানের নাগরিক।
১১ অক্টোবর নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে তারা গভীর সাগরে চরম বিপদের মুখে পড়েন। প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে থাকার একপর্যায়ে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। যে কোনো মুহূর্তে নৌকাটি ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। পরে ১৩ অক্টোবর তাদের মিশরের দামিয়াত বন্দরে নেওয়া হয়।

প্রবাসীর কথা ডেস্ক 


















