ইসলামি শরিয়াহর বিধান মেনে সুদমুক্ত শিক্ষাঋণ চালুর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে এ ঋণ চালু হতে পারে। এ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরিশোধ করা অর্থ সরকারি কোষাগারে জমা না হয়ে পরবর্তী শিক্ষার্থীদের ঋণ দিতে ব্যবহার করা হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
এ ঋণ শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য নয়। সরকারের ‘অলটারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ কর্মসূচির আওতায় ধর্ম-বর্ণ নির্বিশেষে যেকোনো শিক্ষার্থী এ সুবিধা নিতে পারবেন।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও লিডস বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ ঋণ চালুর সম্ভাবনার কথা শিক্ষার্থীদের জানিয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জেস, নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ও তাদের ওয়েবসাইটে এ ঋণের তথ্য প্রকাশ করেছে।
ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষাঋণ নিতে ধর্মীয় আপত্তি রয়েছে অনেক মুসলিম শিক্ষার্থীর। তাদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই বিকল্প অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ঋণব্যবস্থাটি ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ওপর ভিত্তি করে তৈরি। এতে ঋণের মূল অর্থের সঙ্গে সুদ যুক্ত করার পরিবর্তে শিক্ষার্থীদের কাছ থেকে সমপরিমাণ অর্থ ‘কন্ট্রিবিউশন’ বা অবদান হিসেবে নেওয়া হবে। এই অর্থ আলাদা তহবিলে সংরক্ষণ করা হবে এবং পরবর্তী সময়ে কর্মসূচিতে যুক্ত হওয়া শিক্ষার্থীদের ঋণ দিতে ব্যবহার করা হবে।
প্রচলিত শিক্ষাঋণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা হয়। কিন্তু নতুন ব্যবস্থায় কিস্তির অর্থ কেবল বিকল্প অর্থায়ন কর্মসূচির ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। দুই ব্যবস্থায় শিক্ষার্থীদের পরিশোধের পরিমাণ ও সময়সূচি একই রাখার পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগের সমালোচনা করেছেন রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান। তার দাবি, এ ব্যবস্থা উচ্চশিক্ষায় ‘দুই স্তরের ব্যবস্থা’ তৈরি করতে পারে এবং সমাজে বিভাজন বাড়াতে পারে। এ ধরনের উদ্যোগ ব্রিটিশ সমাজে সমান্তরাল প্রতিষ্ঠান তৈরির ঝুঁকি তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। ঋণ আদায় না হলে করদাতাদের অর্থ দিয়ে সেই ঘাটতি পূরণের বিষয়টিও প্রশ্নবিদ্ধ করেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঋণব্যবস্থা তৈরির জন্য ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকেকে সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি দেওয়া হয়েছে। সরকার এটিকে বিশ্বের প্রথম দিককার রাষ্ট্রীয়ভাবে সমর্থিত শরিয়াহসম্মত শিক্ষাঋণ কর্মসূচিগুলোর একটি হিসেবে তুলে ধরেছে।
এদিকে ২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত মুসলিম সেনসাসের এক জরিপে দেখা যায়, ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক ঋণ নিতে দ্বিধায় থাকেন। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশের দাবি, বিদ্যমান শিক্ষাঋণ ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক।
তবে মুসলিম ধর্মীয় বক্তাদের একটি অংশের মতে, প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থায় অংশ নেওয়াও মুসলিমদের জন্য গ্রহণযোগ্য। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষাঋণ ব্যবস্থাকে সমর্থন করেছে।
যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ এখনো নতুন ঋণ কর্মসূচি চালুর নির্দিষ্ট তারিখ জানায়নি। তবে চলতি বছর থেকে শুরু হতে যাওয়া শিক্ষাঋণ ব্যবস্থার সংস্কার প্যাকেজের অংশ হিসেবে এটি চালুর পরিকল্পনা রয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















