ভিসা নীতিতে ‘বড় পরিবর্তন’ এনে বিদেশি নাগরিকদের জন্য আবেদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার মূল বিভাগের সংখ্যা ১৩ থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। উপ-বিভাগের সংখ্যা ৪৯ থেকে ২৩টিতে নামানো হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের অক্টোবর থেকে এ সংস্কার কার্যক্রম শুরু হয়। পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কাজে বিদেশি নাগরিকদের যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন কাঠামোয় ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এ ভিসার আওতায় শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
ভিজিটর ভিসার দুটি উপ-বিভাগ
নতুন নিয়মে ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ দুটি উপ-বিভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা পরামর্শ, যোগব্যায়াম, ভাষা শিক্ষা, সংগীত, চারুকলা ও হস্তশিল্পের মতো কার্যক্রমে অংশ নেওয়া যাবে।
অন্যদিকে, ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এ ভিসায় ভি-১-এর আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশিদের সুবিধার্থে চিকিৎসা ভিসায়ও পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক উপ-বিভাগ রাখা হয়েছে।
এম-১ ভিসা প্রচলিত চিকিৎসার জন্য, এম-২ রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য, এম-৩ আয়ুষ চিকিৎসার জন্য এবং এম-৪ আয়ুষ চিকিৎসাগ্রহীতার সঙ্গীদের জন্য নির্ধারণ করা হয়েছে।
এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর হবে। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই মেয়াদ কার্যকর হবে। এতে বিদেশি রোগীদের চিকিৎসা, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে বারবার নতুন ভিসার আবেদন করার প্রয়োজন কমবে বলে আশা করছে ভারত সরকার।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য পৃথক ব্যবস্থা
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২ দুটি উপ-বিভাগে ভাগ করা হয়েছে। এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। আর এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের।
এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা কোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা পেতে পারেন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ব্যবসায়িক ভিসায়ও পরিবর্তন
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ দুটি বিভাগে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহীদের জন্য বি-১ ভিসা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-২ ভিসা। এর আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিংয়ের সুযোগ থাকবে।
ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মান যাচাই, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন। এসব কাজে বি-২ শ্রেণির ভিসার পাশাপাশি ই-ভিসার মাধ্যমেও আবেদন করা যাবে।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা
বর্তমানে ভারতের ১৩টি উপ-বিভাগে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিক এ সুবিধা পাচ্ছেন।
নতুন ভিসা কাঠামো কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশা, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামোর আওতায় ভিসা দেওয়া শুরু করা সম্ভব হবে।
সংস্কার অনুযায়ী, ভারতের ভিসার প্রধান ৯টি বিভাগ হবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি ভিসাধারীদের নির্ভরশীল সদস্য, নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসা প্রত্যাশী আফগান নাগরিকদের অন্তর্ভুক্ত করা হবে।
প্রবাসীর কথা ডেস্ক 


















