প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে চীনা ব্যবসায়ী ও বিনিয়োগ ব্যবস্থাপক ক্যাং ওয়েইয়ের নাম। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংকে ঘিরে ছড়িয়ে পড়া বিতর্কের পর এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অ্যালিসের কথিত স্বামী ক্যাং ওয়েই। চীনের সাংহাইয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগে চলতি বছরের শুরুতে তাকে আটক করা হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফার্স্টপোস্টের বুধবারের (১১ নভেম্বর) এক প্রতিবেদন অনুযায়ী, ক্যাং ওয়েই একজন প্রভাবশালী চীনা ব্যবসায়ী ও বিনিয়োগ ব্যবস্থাপক। ২০১০ সাল থেকেই জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। এমনকি ক্যাংই তার কথিত স্ত্রী অ্যালিসের সঙ্গে জেনসেনের পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
কে এই ক্যাং ওয়েই?
ক্যাং ওয়েই একসময় চীনের মিউচুয়াল ফান্ড খাতের সম্ভাবনাময় তরুণ ব্যবস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৩২ বছর বয়সে তিনি ঝোংহাই ফান্ডের দায়িত্ব নেন। এর মাধ্যমে চীনের সবচেয়ে কম বয়সে কোনো ফান্ড প্রতিষ্ঠানের প্রধান হওয়ার রেকর্ড গড়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে তিনি সাংহাইভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান হেক্সিয়ে ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠা করেন। একসময় বিনিয়োগ খাতে দ্রুত উত্থান ঘটলেও সাম্প্রতিক বছরগুলোতে তার পেশাগত জীবনে বড় ধরনের পরিবর্তন আসে।
শেয়ারবাজারে কারসাজির অভিযোগে আটক
চীনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তালিকাভুক্ত কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে সাংহাই কর্তৃপক্ষ ক্যাং ওয়েইকে আটক করে। ২০২৬ সালের শুরুতে চীনা চান্দ্র নববর্ষের আগেই তাকে ‘ফৌজদারি জবরদস্তিমূলক ব্যবস্থার’ আওতায় নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে।
এ ছাড়া তার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার পৃথক ব্যবস্থাও চলার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চীনের সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি সামনে এসেছে।
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগের মধ্যে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার কথা স্বীকার করেছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং। একই সঙ্গে তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ তদন্তের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, চীনের এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আদান-প্রদান করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ওই নারীকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল।
প্রতিবেদনগুলোতে ওই নারীর নাম অ্যালিস হুয়াং বলে উল্লেখ করা হয়েছে। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন নির্বাহী। বেইজিংকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহে সহায়তা করার সন্দেহে প্রতিষ্ঠানটি তদন্তের আওতায় রয়েছে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, গত দুই বছরে প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের চিপ কিনেছে।
এদিকে, রোববার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে ৪০ বছরের দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণের কথা স্বীকার করেন হুয়াং। তিনি বলেন, তার কাজ স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে। এ জন্য কোনো অজুহাত নেই এবং তিনি গভীরভাবে দুঃখিত।
তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন তিনি।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তদন্ত চলাকালে হুয়াং প্রধান নির্বাহীর দায়িত্বে থাকবেন। স্বাধীন পরিচালকদের একটি দল বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত তদারক করবে। হুয়াংও তদন্তে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।
তবে পরিচালনা পর্ষদ বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে তাদের কাছে বিশ্বাস করার কোনো কারণ নেই।
এনভিডিয়া যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান। এটি মূলত কম্পিউটারের গ্রাফিকস প্রসেসর (জিপিইউ) তৈরি করে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় শক্তিশালী চিপ তৈরির কারণে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে পরিচিত।
প্রবাসীর কথা ডেস্ক 


















