সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গতকাল বুধবার মক্কা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যকার ক্রমবর্ধমান সংঘাত এবং পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা ঘটল।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ধ্বংসাবশেষ পড়া এলাকা দুটি হলো মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার (২২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত সাবুহাহ গ্রাম এবং মসজিদটি থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত ওয়াদি আল-মাঘমাস এলাকা।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। পরে আকাশেই সেগুলো প্রতিহত ও ধ্বংস করা হয়।
তবে পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।
পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর সৌদি অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকার সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোই তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য।
বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্রতম মসজিদ এ মক্কা নগরীতে অবস্থিত। ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম বার্ষিক হজের মূল কেন্দ্রবিন্দুও এ পবিত্র শহর, যেখানে প্রতিবছর লাখ লাখ মুসলমান সমবেত হন।
আজ বৃহস্পতিবার ভোরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের শত্রুতাপূর্ণ হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন। এর মধ্য দিয়ে হুতি মিলিশিয়াদের বিপজ্জনক ও আগ্রাসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে।
২০১৪ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি আরব।
প্রবাসীর কথা ডেস্ক 


















