ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একের পর এক আলোচনা হয়েছে। কিন্তু তাতে রাশিয়ার অবস্থান বদলেছে, এমন কোনো লক্ষণ নেই। এত দিন ওয়াশিংটনের কূটনৈতিক উদ্যোগের দিকে তাকিয়ে থাকা ইউরোপ এবার নিজেই মস্কোর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায়।
এ লক্ষ্যে পরবর্তী দফার শান্তি আলোচনায় নিজেদের হয়ে কথা বলার জন্য পাঁচটি দেশকে বেছে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
গত শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে ইইউ নেতাদের সম্মেলন শেষে এ কথা জানান ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
তিনি বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ ও ইউরোপের নিরাপত্তা নিয়ে সব আলোচনায় ইউরোপকে ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে।
এ জন্য ইইউর ২৭টি সদস্যদেশের পাশাপাশি ইউক্রেনকে সমর্থন দেওয়া ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর পাঁচ দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের প্রতিনিধিরা থাকবেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা শান্তি আলোচনায় তাদের অংশ নেওয়ার সুযোগ নাও থাকতে পারে বলে আশঙ্কা ইউরোপের। সে ক্ষেত্রে যুদ্ধের অবসান এবং ইউরোপের নিরাপত্তার ভবিষ্যৎ নির্ধারণে মস্কো ও ওয়াশিংটনই মূল ভূমিকা রাখবে।
এর আগে, গত বৃহস্পতিবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। বৈঠক শেষে তারা জানান, পরবর্তী দফার আলোচনায় ইউরোপও অংশ নেবে।
তবে ক্রেমলিন পরে জানায়, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের সামরিক তৎপরতায় অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ রাশিয়ার। তাই তাদের সরাসরি আলোচনায় অংশ নেওয়ার বিরোধিতা করছে মস্কো।
এদিকে, আলোচনায় ইউরোপের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে নেতাদের মধ্যে মতভেদ ছিল। একজন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হবে, নাকি কয়েকটি দেশের সমন্বয়ে একটি দল গঠন করা হবে, তা নিয়ে আলোচনা চলছিল।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একজন প্রতিনিধি নিয়োগের পক্ষে ছিলেন।
তার মতে, ইউরোপের দেশগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এ কারণে দেশগুলো একসঙ্গে কাজ না করে আলাদাভাবে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও ইউরোপের প্রতিনিধি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।
তবে, আল–জাজিরার প্রতিবেদক মিলেনা ভেসেলিনোভিচ জানান, রাশিয়ার বিষয়ে কালাসের কঠোর অবস্থানের কারণে ইউরোপের সব দেশ তাকে প্রতিনিধি হিসেবে সমর্থন করছে না। ফলে, এ দায়িত্ব কে পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।
তিনি বলেন, আগামী সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে ইউরোপ অপ্রস্তুত অবস্থায় পড়ে।
একই সঙ্গে. ইউরোপ ও ইউক্রেনের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
ইউক্রেন ও ইউরোপকে আলোচনার বাইরে রেখে যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোনো সমঝোতায় পৌঁছালে তা ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
প্রবাসীর কথা ডেস্ক 
























