২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়লেও বিশ্বে খ্রিষ্টানদের অনুপাত প্রায় ৩০ শতাংশের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন: চীনে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিনকে ‘বন্ধু’ বললেন ট্রাম্প
গবেষণার তথ্য অনুযায়ী, ১৯১০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল প্রায় ৬০ কোটি, যা তখনকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশ। ২০১০ সালে তাদের সংখ্যা বেড়ে ২২০ কোটিতে দাঁড়ায়। তবে বিশ্ব জনসংখ্যায় তাদের অনুপাত তখন ছিল ৩২ শতাংশ। বর্তমানে খ্রিষ্টানরাই বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী।
পিউ রিসার্চ সেন্টার ২০২০ সালের জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস তৈরি করেছে। এতে খ্রিষ্টান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন সাতটি গোষ্ঠীকে বিবেচনায় নেওয়া হয়েছে। জন্মহার, মৃত্যুহার, অভিবাসন ও ধর্ম পরিবর্তনের প্রবণতার ভিত্তিতে ভবিষ্যতের হিসাব করা হয়েছে।
গবেষকেরা বলছেন, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ তাদের তুলনামূলক কম বয়সী জনসংখ্যা এবং বেশি সন্তান জন্মদানের হার। মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ৩ দশমিক ১। অন্যদিকে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫।
মুসলিম জনসংখ্যার বেশির ভাগই বাড়বে এমন দেশগুলোতে, যেখানে আগে থেকেই মুসলিমদের সংখ্যা বেশি। তবে ২০৭০ সালের মধ্যে কোনো দেশই খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হবে না বলে গবেষণায় বলা হয়েছে।
অন্যদিকে খ্রিষ্টানদের সংখ্যাও বাড়বে, তবে তুলনামূলক ধীরগতিতে। একই সঙ্গে কিছু মানুষ খ্রিষ্টান ধর্ম ছেড়ে দেওয়ায় এই বৃদ্ধির গতি কমবে। আর কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে। কারণ, এই গোষ্ঠীর নারীদের গড় সন্তান জন্মদানের হার মাত্র ১ দশমিক ৩, যা জনসংখ্যা স্থিতিশীল রাখার প্রয়োজনীয় হারের চেয়ে কম।
গবেষণায় বলা হয়েছে, খ্রিষ্টান ও মুসলিম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সাব-সাহারান আফ্রিকায়। ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যার ১৪ শতাংশ এই অঞ্চলে বসবাস করত। ২০৭০ সালে তা বেড়ে এক-চতুর্থাংশের বেশি হতে পারে।
এই অঞ্চলে মুসলিমদের অনুপাত প্রায় এক-তৃতীয়াংশ থাকলেও তাদের সংখ্যা ২০২০ সালের ৩৬ কোটি ৯০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। অন্যদিকে খ্রিষ্টানদের অনুপাত প্রায় ৬০ শতাংশ থাকবে বলে ধারণা করা হয়েছে। ২০৬০ সালের মধ্যে বিশ্বের অর্ধেক খ্রিষ্টানের বসবাস হবে এই অঞ্চলে।
প্রবাসীর কথা ডেস্ক 



















