বিশ্বের যেসব দেশে মানুষের গড় আয়ু তুলনামূলকভাবে বেশি, কানাডা তাদের অন্যতম। উন্নত চিকিৎসাব্যবস্থা, সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ পানীয় জল, পুষ্টিকর খাদ্য এবং উন্নত জীবনযাত্রার কারণে দেশটির মানুষের গড় আয়ু দীর্ঘ। তবে দীর্ঘায়ুর পেছনে শুধু চিকিৎসাসেবা নয়, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ এবং জনস্বাস্থ্য ব্যবস্থারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কানাডার মানুষের জন্মকালীন গড় আয়ু ছিল প্রায় ৮২ বছর।
অন্যদিকে, কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তার ২০২৬ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে দেশটির গড় আয়ু বেড়ে ৮২ দশমিক ১ বছরে পৌঁছেছে। করোনাভাইরাস মহামারির সময় গড় আয়ু কমে গেলেও সাম্প্রতিক বছরগুলোতে তা আবার বাড়তে শুরু করেছে।
কানাডার স্বাস্থ্যব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো, সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্যবিমার মাধ্যমে নাগরিক ও যোগ্য স্থায়ী বাসিন্দারা হাসপাতাল ও চিকিৎসকের প্রয়োজনীয় অনেক সেবা পেয়ে থাকেন। চিকিৎসার ব্যয় কমানোর পাশাপাশি অসুস্থতার সময় আর্থিক চাপ কমাতেও এ ব্যবস্থা ভূমিকা রাখে।
দেশটির প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলো স্বাস্থ্যসেবা পরিচালনা করে। চিকিৎসকের পরামর্শ, হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচারসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসাসেবা সরকারি ব্যবস্থার আওতায় থাকে। তবে সব ধরনের ওষুধ, দাঁতের চিকিৎসা ও অন্যান্য স্বাস্থ্যসেবা বিনা মূল্যে পাওয়া যায় না।
চিকিৎসাসেবার সুযোগ থাকলেও কানাডায় পারিবারিক চিকিৎসক পাওয়া, বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ এবং কিছু চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষার মতো সমস্যা রয়েছে। ফলে উন্নত স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি সেবাপ্রাপ্তির এসব চ্যালেঞ্জও দেশটির জনস্বাস্থ্য আলোচনায় গুরুত্বপূর্ণ।
কানাডার বিশাল ভূখণ্ড, তুলনামূলক কম জনঘনত্ব, নিরাপদ পানীয় জল, উন্নত স্যানিটেশন এবং পরিবেশ সংরক্ষণের উদ্যোগ মানুষের স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক। শহরগুলোতে পার্ক, হাঁটার পথ, সাইকেল চালানোর সুযোগ এবং বিভিন্ন বিনোদনমূলক অবকাঠামো মানুষের শারীরিক সক্রিয়তা বাড়াতে ভূমিকা রাখে।
এ ছাড়া শিক্ষা, পুষ্টি সম্পর্কে সচেতনতা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলোও দীর্ঘায়ুর সঙ্গে সম্পর্কিত। উন্নত জীবনযাত্রার সুযোগ কানাডাকে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে বসবাসের আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত করেছে।
কানাডার জনস্বাস্থ্য কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে দেশটির গড় আয়ু ছিল ৮২ দশমিক ২ বছর। করোনাভাইরাস মহামারি ও অন্যান্য কারণে ২০২২ সালে তা কমে ৮১ দশমিক ১ বছরে নেমে আসে। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে প্রায় ৮২ দশমিক ১ বছরে পৌঁছেছে।
তবে দীর্ঘ আয়ুর পাশাপাশি সুস্থভাবে বেঁচে থাকার বিষয়টিও গুরুত্বপূর্ণ। একই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে কানাডার একজন মানুষের সুস্বাস্থ্যে কাটানো প্রত্যাশিত আয়ু ছিল প্রায় ৬৬ দশমিক ৯ বছর। অর্থাৎ দীর্ঘ জীবন নিশ্চিত করার পাশাপাশি জীবনের অধিকাংশ সময় সুস্থ ও কর্মক্ষম অবস্থায় কাটানোর বিষয়টি এখন দেশটির জনস্বাস্থ্য নীতির গুরুত্বপূর্ণ লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, উন্নত স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং জনস্বাস্থ্য সচেতনতার সমন্বয়ে কানাডা উচ্চ গড় আয়ুর দেশগুলোর মধ্যে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে দীর্ঘায়ুর এই অর্জনকে আরও অর্থবহ করতে চিকিৎসা সেবার অপেক্ষার সময় কমানো এবং সুস্বাস্থ্যে বেঁচে থাকার বছর বাড়ানোও সমান গুরুত্বপূর্ণ।
প্রবাসীর কথা ডেস্ক 


















