মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। সর্বশেষ সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় পরিচালিত অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের নেতৃত্বে আরও সাতটি সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত এ অভিযান চলে জালান মাকমুর ২৫/৬৪ এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক শ সদস্য অংশ নেন। অভিযানের খবর ছড়িয়ে পড়লে অনেক বিদেশি কর্মী দোকানপাটের সারি ও ভবনের মধ্যবর্তী সরু গলি দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে আগে থেকেই এসব বের হওয়ার পথ ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফলে পালানোর চেষ্টা করেও অনেকে রক্ষা পাননি।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি বলেন, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং পাস বা কর্মানুমতির অপব্যবহারকারীদের লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, ৮৩১ জন বিদেশির কাগজপত্র যাচাই করে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে ৪৮৯ জনকে আটক করা হয়। তাদের পরবর্তী তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হবে।
অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির অপব্যবহারের বিষয়টিও উঠে এসেছে। বিশেষ করে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার প্রমাণ পাওয়া গেছে। লোকমান এফেন্দি বলেন, কিছু বিদেশি কর্মীর নির্মাণ খাতে কাজের অনুমতি থাকলেও তারা রেস্তোরাঁয় কাজ করছেন। এটি কর্মানুমতির অপব্যবহার। একই সঙ্গে যেসব নিয়োগকর্তা সংশ্লিষ্ট খাতের বৈধ অনুমতি ছাড়া তাদের কাজে নিয়োগ দিয়েছেন, তারাও আইন লঙ্ঘন করেছেন।
তিনি আরও বলেন, রেস্তোরাঁয় বিদেশি কর্মী নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের অবশ্যই সেবা খাতের বৈধ কর্মানুমতি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কর্মী ও নিয়োগকর্তা উভয়ের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
অভিবাসন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৮৪ জন নারী। তাদের বয়স ১৯ থেকে ৬২ বছরের মধ্যে। জাতীয়তাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। তাদের সংখ্যা ১৫২। এছাড়া নেপালের ১১৫, মিয়ানমারের ৯৯, ভারতের ৬৫, ইন্দোনেশিয়ার ৪৩, পাকিস্তানের ১১ এবং শ্রীলঙ্কার চারজন রয়েছেন।
অভিযানে অভিবাসন বিভাগ, মালয়েশিয়ার রাজকীয় পুলিশ, সাধারণ অভিযান বাহিনী, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী, মাদকবিরোধী সংস্থা, কোম্পানি কমিশন এবং শাহ আলম সিটি কাউন্সিলের ২৫৪ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।
অভিযানে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করে। এছাড়া তদন্তের স্বার্থে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে পাঁচটি সাক্ষী তলবের নোটিশ জারি করেছে অভিবাসন বিভাগ।
লোকমান এফেন্দি জানান, তদন্তে কোনো প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ৪৮৯ জনকে অধিকতর তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সেমেনিয়েহ অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় একযোগে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। তিন দিনব্যাপী এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এসময় মোট এক হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।
আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।
অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এসময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।
প্রবাসীর কথা ডেস্ক 

























