অভিবাসনে ৬-৭ লাখ টাকা খরচের চুক্তি, সরকারি হিসাবে ব্যয় মাত্র ১ লাখ ৫৪ হাজার টাকা
মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে না হতেই সক্রিয় হয়ে উঠেছে দালাল ও মধ্যস্বত্বভোগীরা। তাঁদের প্রলোভন ও প্রতারণার ফাঁদে পড়ে অনেক কর্মীকে নির্ধারিত খরচের কয়েক গুণ বেশি টাকা দিতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় ও দালালদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে আবারও মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন নবাবগঞ্জের বিজয় মণ্ডল। তবে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তিনি মালয়েশিয়া যাবেন, তা এখনো জানেন না। অথচ এরই মধ্যে তিনি সাড়ে সাত লাখ টাকা দিয়েছেন বলে জানা গেছে।
বিজয় মণ্ডলের মতো আরও অনেক কর্মী এজেন্ট ও দালালদের আকর্ষণীয় প্রস্তাবে প্রলুব্ধ হয়ে ছয় থেকে সাত লাখ টাকায় মালয়েশিয়া যাওয়ার চুক্তি করছেন। অনেকেই জানেন না, কোন এজেন্সির মাধ্যমে তাঁদের বিদেশে পাঠানো হবে। অথচ দালাল ও সাব-এজেন্টদের হাতে তুলে দিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ।
এদিকে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ব্যয়ের হিসাব জানিয়েছে।
অন্যদিকে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে (এফডব্লিউসিএমএস) নিবন্ধিত বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিকরা বলছেন, কর্মী পাঠানোর খরচ সরকারি নির্ধারিত ব্যয়ের কাছাকাছি রাখার চেষ্টা করছেন তাঁরা। একই সঙ্গে দালাল ও মধ্যস্বত্বভোগীদের বিষয়ে কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তাঁরা।
শ্রমবাজার রক্ষা আন্দোলনের আহ্বায়ক আতিকুর রহমান বিশ্বাস বলেন, অভিবাসন প্রক্রিয়ায় যত বেশি হাতবদল হবে, কর্মীদের খরচ ততই বাড়বে। মূল রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর ব্যয় সরকার ঘোষিত খরচের কাছাকাছি থাকার কথা।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্য মাজেদুল হক বলেন, শ্রমবাজার চালুর শুরুতেই নানা অনিয়মের অভিযোগ সামনে আসছে। অতিরিক্ত অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এতে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কর্মীদের স্বার্থ সুরক্ষিত থাকবে।
এদিকে মালয়েশিয়াগামী কর্মী পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে সতর্ক করেছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুর্নীতি ও প্রতারণা এড়াতে সব ধরনের আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, নগদ অর্থে লেনদেন করলে এর দায় কেউ নেবে না। ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধের পর প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও কোনো কর্মী প্রতারণার শিকার হলে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও সাব-এজেন্টদের নিয়ন্ত্রণ, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অন্যথায় বিপুল অর্থ ব্যয় করেও কর্মীরা বিদেশে যেতে না পারার ঝুঁকিতে পড়বেন। পাশাপাশি অনিয়ম অব্যাহত থাকলে সম্ভাবনাময় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বন্ধ হয়ে যেতে পারে।
প্রবাসীর কথা ডেস্ক 

























