অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে দেখা দিলেন মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কলকাতার দক্ষিণ অংশের যোধপুর পার্কে একটি নতুন বিপণি বা স্টোর উদ্বোধনের উদ্দেশ্যে ঝটিকা সফরে গিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী।
শনিবার (২১ নভেম্বর) কলকাতা শহরে ঝটিকা সফরে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।
আরও পড়ুন: ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বলিউডে নিজস্ব বৃত্ত তৈরি করেছেন নোরা ফাতেহি। তার নাচের অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে। শনিবার (২১ নভেম্বর) কলকাতাতেও তাকে এক ঝলক দেখার জন্য উপচেপড়া ভিড় ছিল।
এদিন অভিনেত্রীকে দেখা গেল ভিন্ন লুকে, চুলের সামনের অংশের ফ্রিঞ্জ কপাল ছুঁয়েছে। নীল জিন্স ও কালো ক্রপ টপে নোরা সহজেই অনুরাগীদের মন জয় করে নেন। তাদের অনুরোধে সেই পরিচিত হাসির ঝলক খেলে যায় অভিনেত্রীর মুখে। স্বাভাবিকভাবেই উপস্থিত সবাই অভিনেত্রীর কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় ছিলেন।
অনুরাগীদের নিরাশ করেননি নোরা। তিনি বলেন, ‘আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সবার জন্য অনেক ভালোবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভালো লাগে।’ এর পরে উপস্থিত সবার উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখান অভিনেত্রী।
উচ্ছ্বসিত দর্শক নোরা ফাতেহিকে চোখের সামনে দেখতে পেয়ে মুঠোফোনে বন্দি করে রাখেন সেই মুহূর্ত। কেউ কেউ গেয়ে ওঠেন নোরা অভিনীত গানও। সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে তার নাচ বেশ প্রশংসিত হয়েছে।
প্রবাসীর কথা ডেস্ক 


















