ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে সামরিক ক্ষয়ক্ষতি এবং নিজেদের ভূখণ্ডে হুতিদের ধারাবাহিক হামলার মুখেও অন্তত ২০২৭ সাল পর্যন্ত সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটি। খবর রয়টার্সের।
বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, সৌদি নীতিনির্ধারকেরা ধারণা করছেন, ইয়েমেনে সামরিক অভিযান আরও ছয় মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
হুথিদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে ইয়েমেনে নিজেদের সমর্থিত বাহিনীর অবস্থান শক্তিশালী করতে চায় রিয়াদ। সৌদি পরিকল্পনা সম্পর্কে জানেন, এমন তৃতীয় একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলোর মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলে ইয়েমেনের সংঘাতের তীব্রতাও কমতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন পর্যন্ত ইয়েমেনে সৌদি অভিযানে সরাসরি আক্রমণাত্মক সামরিক সহায়তা দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের সহযোগিতা পাওয়া গেলে কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়া সম্ভব বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।
যুদ্ধক্ষেত্রে সৌদি সমর্থিত বাহিনীর অবস্থার অবনতি২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হুথি বিদ্রোহীরা। ক্ষমতাচ্যুত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে পরবর্তী সময়ে আরব জোটের নেতৃত্ব দিয়ে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। কয়েক বছর ধরে সংঘাত চলার পর ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। চলতি বছরের গ্রীষ্মকাল পর্যন্ত সেটি বহাল ছিল।
তবে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আবারও বদলে যায়। সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে লোহিত সাগরের উপকূলবর্তী অঞ্চল এবং গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় হুথিরা। একই সঙ্গে দক্ষিণ উপকূলে ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের নিকটবর্তী পাহাড়ি অঞ্চলের শহর তাইজ অবরুদ্ধ করে ফেলে বিদ্রোহীরা।
গত মাসে পাল্টা অভিযান চালিয়ে বাব আল-মান্দেব প্রণালির আশপাশের কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছিল সরকারি বাহিনী। কিন্তু এডেনের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় গত সপ্তাহান্তে সেখান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় তারা। সামরিক বিশ্লেষকদের দৃষ্টিতে, সৌদি সমর্থিত বাহিনীর জন্য এটি বড় ধরনের ধাক্কা।
এ পরিস্থিতিতে সৌদি আরব ও ইয়েমেনের সরকারি বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। হুথিদের অগ্রযাত্রা প্রতিরোধে এডেনের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পূর্বাঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নতুন অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। এরই মধ্যে সোমবার সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার পরিবর্তনের ঘোষণা দিয়েছে রিয়াদ। ইয়েমেন সরকারও সামরিক নেতৃত্বে পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি ভূখণ্ডেও বাড়ছে যুদ্ধের প্রভাবসংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর সৌদি আরব শুরুতে বিষয়টিকে ইয়েমেনের অভ্যন্তরীণ সংকট হিসেবে উপস্থাপন করেছিল। দেশটির দাবি ছিল, তারা কেবল ইয়েমেনের মিত্র বাহিনীকে সহযোগিতা করছে এবং সীমান্ত পেরিয়ে আসা হামলা প্রতিরোধ করছে; সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না।
কিন্তু সৌদি শহরগুলোতে হুতিদের একের পর এক হামলার কারণে সেই অবস্থান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে বিদ্রোহীদের হামলায় সৌদি রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর রিয়াদ কার্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া রাজধানীর বিমানবন্দরেও ধারাবাহিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার প্রভাবে অক্টোবর থেকে বিমানবন্দরটির অধিকাংশ ফ্লাইট বন্ধ রয়েছে।
যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির আন্তর্জাতিক আয়োজন ও ক্রীড়া সূচিতেও। নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) বাতিল অথবা স্থগিত করা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতাও পিছিয়ে একই বছরের ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছে।
এদিকে গত মাস থেকে সম্ভাব্য হামলা নিয়ে নাগরিকদের নিয়মিত সতর্ক করছে সৌদি কর্তৃপক্ষ। হামলার পরও আগের তুলনায় বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে। এর আগে এ ধরনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটির আনুষ্ঠানিক বক্তব্য ছিল অনেকটাই সীমিত।
সামরিক সংঘাতের বিষয়টি এখন ধর্মীয় পরিসরেও গুরুত্ব পাচ্ছে। গত শুক্রবার রিয়াদের একটি বড় মসজিদে জুমার খুতবার উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল হুতিদের বিরুদ্ধে চলমান যুদ্ধ। এ সময় ইমাম যোদ্ধাদের বিজয় কিংবা শাহাদাতের প্রত্যাশার কথা বলেন এবং সৌদি আরবের দক্ষিণ সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের জন্য বিশেষ দোয়া করেন।
খুতবায় তিনি বলেন, ‘হে আল্লাহ, তাদের নিশানা সঠিক করে দাও, তাদের পদক্ষেপ দৃঢ় রাখো এবং যারা তাদের প্রতি শত্রুতা পোষণ করে, তাদের বিরুদ্ধে বিজয় দান করো।’
প্রবাসীর কথা ডেস্ক 



















