এক সময় মাঠে নামলেই গ্যালারিতে উত্তেজনার ঝড় উঠতো। মোহামেডান-আবাহনী মানেই ছিল অন্যরকম উন্মাদনা, অন্যরকম আবেগ। দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফুটবলারদের কাছে দুই ক্লাবই ছিল ভালোবাসা ও গর্বের জায়গা। সময়ের পরিক্রমায় সেই উত্তাপ অনেকটাই কমেছে। কিন্তু স্মৃতির পাতায় এখনো অমলিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই।
সেই সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনতেই বৃহস্পতিবার আবাহনী মাঠে এক ব্যতিক্রমী প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মোহামেডান ও আবাহনীর সাবেক ফুটবলাররা। ম্যাচটির বিশেষ আকর্ষণ ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আরও পড়ুন: ৬০ জনের স্বপ্নযাত্রা, শুধু বেঁচে ফিরলেন মাসুম
একসময় দুই ক্লাবের হয়েই মাঠ মাতিয়েছেন তিনি। আজও সেই পুরোনো ভালোবাসায় দুই দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন সাবেক এই গোলরক্ষক। দুই দলের হয়েই খেলেছেন, যেন নিজের ফুটবল জীবনের স্মৃতিগুলো আবার একটু ছুঁয়ে দেখেছেন।
ম্যাচ শেষে মোহামেডান ও আবাহনীকে ঘিরে নিজের আবেগের কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন আমিনুল। তার কাছে এই দুই ক্লাব কেবল দুটি প্রতিদ্বন্দ্বী দল নয়, বাংলাদেশের ফুটবলের ঐতিহ্য ও ইতিহাসের অংশ।
একসময় যে দুই ক্লাবের লড়াই ঘিরে গোটা দেশ মেতে উঠত, সেই দুই ক্লাবের সাবেক খেলোয়াড়দের একসঙ্গে মাঠে নামার মুহূর্তকে বিশেষভাবে দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘মোহামেডান ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে ঘিরেই বাংলাদেশের ফুটবলের সমৃদ্ধ ইতিহাস। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে ফুটবলের শিকড়ে যেতে হবে, নতুন প্রজন্মের জন্য তৈরি করতে হবে খেলোয়াড় গড়ার পরিবেশ।’
শুধু স্মৃতিচারণেই থেমে থাকেননি আমিনুল। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতিমধ্যে কিছু নির্দেশনা তৈরি হয়েছে। সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা চলছে। ফুটবলকে প্রত্যন্ত গ্রাম, গঞ্জ, জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে হবে। গড়ে তুলতে হবে একাডেমি। ক্লাবগুলোর জন্য বাধ্যতামূলক একাডেমি ও নিজস্ব মাঠের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। বয়সভিত্তিক দল নিয়েও কাজ করতে চায় সরকার।’
প্রবাসীর কথা ডেস্ক 





















