বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন। সেই সিনেমা এবার মুক্তির অপেক্ষায়। তাই সিনেমাটি নিয়ে আবেগ আর প্রত্যাশা দুটোই কাজ করছে অভিনেত্রী ভাবনার মনে।
মুক্তির আগে নিজের পাশাপাশি পুরো সিনেমার কলাকুশলীদের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন ভাবনা।
আরও পড়ুন: আবারও আদালতে পরীমনি, আজ কী হতে যাচ্ছে?
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিশেষ এই দিনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমার প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’
সিনেমাটির সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, ভালোবাসা ও পরিশ্রমের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাই।’
সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, ডলি জহুর, কাজী হায়াৎ, গাজী রাকায়েত ও আজাদ আবুল কালাম। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।
প্রবাসীর কথা ডেস্ক 





















