ইরানের অস্থিতিশীল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে বন্দুকধারীদের গুলিতে এক সুন্নি আলেম নিহত হয়েছেন। শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে ওই আলেমকে হত্যার তথ্য জানানো হয়েছে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘সিস্তান-বালুচিস্তানের সারবাজ কাউন্টির প্রখ্যাত সুন্নি আলেম বশির সালাহজেহি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কয়েক ঘণ্টা আগে সন্ত্রাসীরা গুলি চালিয়ে তাকে হত্যা করেছেন।’’
আরও পড়ুন: উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে চলতে সতর্কতা জারি
তবে এই হামলার পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।
তাসনিম নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকদের ভাড়াটেরা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। ইরানি কর্তৃপক্ষ প্রায়ই এই ধরনের সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভাড়াটে বাহিনী হিসেবে অভিহিত করে থাকে; যাদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ করেছে তেহরান।
ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ সিস্তান-বালুচিস্তান। দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে এই প্রদেশটি।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশে সম্প্রতি অস্থিরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। সেখানে বিপুলসংখ্যক বালুচ জনগোষ্ঠীর বসবাস রয়েছে; যাদের অধিকাংশই শিয়া-অধ্যুষিত ইরানে সুন্নি মুসলিম।
চলতি মাসের শুরুর দিকে সিস্তান-বালুচিস্তানে অজ্ঞাত হামলাকারীদের হাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।
প্রবাসীর কথা ডেস্ক 



















