লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে ফিরিয়ে আনা হয় তাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ফেরানো হয় তাদের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ফেরা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকে বিভিন্ন সময়ে দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
এতে আরও বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির জন্য ভুক্তভোগীদের অভিজ্ঞতা সবাইকে জানাতে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আইওএমের পক্ষ থেকে দেশে ফেরাদের পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
প্রবাসীর কথা ডেস্ক 























