শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে জাপান। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের দেশটিতে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্মাণ, উৎপাদন, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ তৈরি হতে পারে।
এ লক্ষ্যে জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভসের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য নতুন আইন করছে ওমান
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে দুই হাজার, ২০২৭ সালে ছয় হাজার, ২০২৮ সালে ১২ হাজার, ২০২৯ সালে ৩০ হাজার এবং ২০৩০ সালে ৫০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে। খাতভিত্তিক হিসাবে নির্মাণে ৪০ হাজার, কারখানায় ২০ হাজার, কেয়ারগিভিংয়ে ২০ হাজার এবং কৃষিসহ অন্যান্য খাতে আরও ২০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নবিষয়ক মেমোরেন্ডাম অব কো-অপারেশন (এমওসি) স্বাক্ষরের কথাও জানানো হয়েছে। এর আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরুর কথা রয়েছে। চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর, যা স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে জাপানে বাংলাদেশি কর্মীদের আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে কাজের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, নারী কর্মীরা গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে বৈষম্য কিংবা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর শিকার হবেন না।
জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় বিভিন্ন খাতে বিদেশি কর্মীর চাহিদা বাড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের তরুণ ও দক্ষ জনশক্তির জন্য দেশটিতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে। জাপানে কাজ করতে আগ্রহীদের ভাষাগত দক্ষতা ও সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রশিক্ষণের মান এবং কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা গেলে এই উদ্যোগ বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
প্রবাসীর কথা ডেস্ক 


















